সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, কালিগঞ্জের তেঁতুলিয়া থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এক ব্যক্তি গোপালগঞ্জে যাবেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর বাজারে অবস্থান নেয় এসআরবির একটি দল। পরে বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম (৫০) ও নুরুজ্জামান গাজী (৪২) নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল ও পিঠের ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল, ব্যাগ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক নুরুজ্জামান গাজী কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর আটক জাহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। এসআরবি সূত্রের দাবি, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ভারত থেকে নদীপথে বিভিন্ন ধরনের মাদক এনে আন্তজেলা মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।
এসআরবি খুলনা-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহজাহান জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় এসআরবি খুলনা-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপপরিদর্শক মামুন বাদী হয়ে মঙ্গলবার কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
তিনি আরও জানান, অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।