গবেষণালব্ধ উদ্ভাবনের সুরক্ষা, মেধাস্বত্বের যথাযথ ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণে গবেষক ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস—আইপিআর) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং প্রকল্পের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।