নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবী এলাকায় ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজকের মধ্যেই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে। তিনি বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রী আরও বলেন, ঘটনার সাত ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এক দিনের মধ্যেই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতে সহযোগী হিসেবে তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়া গেছে। একই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনও পাওয়া গেছে। এসব তথ্য-প্রমাণ একত্র করে শনিবার রাতের মধ্যেই অভিযোগপত্র প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।
ধর্ষণের ঘটনা বৃদ্ধির বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয়, মূল্যবোধের সংকট ও অপসংস্কৃতির প্রভাবের কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। তিনি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।