নইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

Date: 2026-05-24
news-banner

নইক্ষ্যংছড়ি প্রতিনিধি: 

২৪-৫-২০৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন— অংক্যমং তংচঙ্গ্যা, চোপোচিং চাকমা ও চিংক্ষং চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় নিজেদের কলাবাগানে কাজ করতে যান। কাজ শেষে ফেরার পথে হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে পরপর আরও দুটি বিস্ফোরণ ঘটে এবং বাকি দুজনও নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। তিনি জানান, সীমান্ত এলাকায় চলাচলের বিষয়ে বিজিবি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কতা ও বিধিনিষেধ জারি করা হয়েছিল। কিন্তু অনেকেই জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সীমান্তবর্তী এলাকায় যাতায়াত করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, “সকালে তারা কলাবাগানে কাজ করতে গিয়েছিল। ফেরার পথে প্রথম বিস্ফোরণে একজন মারা যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন মাইন বিস্ফোরণের শিকার হন।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের একটি দল দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভালুকিয়াপাড়া ও আশপাশের সীমান্তবর্তী গ্রামগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। একই সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

Leave Your Comments