নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর কাটাবাড়িতে জমে উঠেছে শতবর্ষের ঐতিহ্যবাহী ১৫৪তম নবান্ন মেলা।
আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই মেলাটি এখন কেবল কেনাকাটার উৎসবেই সীমাবদ্ধ নেই, বরং আশপাশের এলাকার মানুষের এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে।
নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় বিভিন্ন ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী আসবাবপত্র, মাটির তৈরি রান্নার ও শোভাবর্ধনকারী নানা সৌখিন জিনিসপত্র, দৈনন্দিন সাংসারিক ব্যবহারের নানা সামগ্রী এবং বাঁশ ও বেতের তৈরি নান্দনিক হস্তশিল্পের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসা মাটির ও বাঁশ-বেতের তৈরি এসব ঐতিহ্যবাহী জিনিসপত্র মেলায় এক অন্যরকম আকর্ষণের সৃষ্টি করেছে, যা নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়কে ফুটিয়ে তুলছে। এছাড়াও মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যের গরম ও মচমসে জিলাপি। শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ রসালো এই জিলাপির স্বাদ নিতে ভিড় জমান।
পাশাপাশি নতুন ধানের চাল, নতুন ফল এবং শীতকালীন শাকসবজির সমাহার মেলাটিকে আরও জমজমাট করে তুলেছে। উৎসবমুখর এই মেলাকে কেন্দ্র করে কাটাবাড়ি ও এর আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার দর্শনার্থী এবং দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ।
স্থানীয়দের মতে, এই মেলা এলাকার মানুষের ভ্রাতৃত্ববোধ ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার এক অনন্য মহামিলনক্ষেত্র। শতবর্ষের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গ্রামীণ সংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছরই নবান্নের এই মেলা এলাকাবাসীর মধ্যে নিয়ে আসে এক নতুন উৎসবের আমেজ।