শীত মৌসুমের অন্যতম প্রাকৃতিক উপহার খেজুরের রস ও গুড়। ঐতিহ্য, স্বাদ ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এ পণ্যের জন্য সুপরিচিত যশোরের মনিরামপুর উপজেলা। প্রতিবছর শীত মৌসুমে এখানকার উৎপাদিত খেজুরের গুড় দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ঐতিহ্যবাহী এ পণ্যের বিশুদ্ধতা ও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গুড়ে অননুমোদিত উপাদান ও ভেজাল মেশানোর অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।তিনি বলেন, খেজুরের গুড় শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি মনিরামপুরের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।
এখানকার গাছি, কৃষক ও গুড় উৎপাদনকারীরা বছরের পর বছর শ্রম দিয়ে এ ঐতিহ্য ধরে রেখেছেন। অথচ কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রকৃত উৎপাদকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে ভোক্তারাও বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য পাওয়া থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।মুতাছিম বিল্লাহ আরও বলেন, সাময়িক অধিক মুনাফার আশায় গুড়ে ভেজাল মেশানো ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এর ফলে মনিরামপুরের খেজুরের গুড়ের দীর্ঘদিনের সুনাম ও বাজার হারানোর আশঙ্কা রয়েছে। তাই কোনোভাবেই এ ঐতিহ্যকে ধ্বংস হতে দেওয়া যাবে না।
তিনি খেজুরের গুড় উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রাখতে গাছি, উৎপাদক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভেজাল প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত বাজার তদারকি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।তিনি বলেন, “আমরা চাই, মনিরামপুরের খেজুরের গুড় তার নিজস্ব স্বাদ, ঘ্রাণ ও বিশুদ্ধতা নিয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করুক। ভেজাল নয়, বিশুদ্ধতাই হোক আমাদের ব্যবসার অঙ্গীকার। আসুন, সম্মিলিতভাবে মনিরামপুরের ঐতিহ্য রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য এ প্রাকৃতিক সম্পদ ও সুনাম অক্ষুণ্ণ রাখি।”