বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৭ নং বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-হামলা ও কারাবরণের অভিজ্ঞতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে মামলা হামলার শিকার হন জুলফিকার হাসান শাওন। ওই সময়ে তার বিরুদ্ধে ৪ টি মামলা হয়। এসব মামলায় বর্তমান বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গেও তিনি আসামি ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে কারাবরণও করতে হয়েছে। একই সময়ে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ দলের অন্য নেতাকর্মীরাও তার সঙ্গে কারাগারে ছিলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, দলের কঠিন সময়ে বিহার ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম চালু রাখা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন শাওন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় দুঃসময়ে তার সক্রিয়তা ও ত্যাগ স্থানীয় রাজনীতিতে তাকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা।
বিহার ইউনিয়নে তাদের পরিবারের রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের ঐতিহ্যও রয়েছে। শাওনের বাবা তোফাজ্জল হোসেন সরকার বিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বড় আব্বা আফজাল হোসেন সরকারও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার চাচাতো ভাই শরিফুল ইসলাম সরকার ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।ফলে পারিবারিকভাবেও ইউনিয়নের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
বিহার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, জুলফিকার হাসান শাওন দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলের কাছে আমাদের প্রত্যাশা, তার ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হবে।
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, শাওন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাননি। তার মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতাকে দলীয় সমর্থন দেওয়া হলে বিহার ইউনিয়নে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে।
বিহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ বলেন, জুলফিকার হাসান শাওন নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকা একজন মানুষ। তার রাজনৈতিক ত্যাগ ও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা তরুণ নেতাকর্মীরা তাকে চেয়ারম্যান পদে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবায় ভূমিকা রাখবেন বলে আশা করি।
সংসারদিঘী গ্রামের আলহাজ্ব জয়েন উদ্দিন বলেন, শাওনদের পরিবার দীর্ঘদিন ধরে বিহার ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত। তার বাবা ও বড় আব্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পারিবারিক পরিচিতির পাশাপাশি শাওনের নিজেরও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন বলে প্রত্যাশা করি।
নারায়নশহর গ্রামের কায়েম প্রাং বলেন, জুলফিকার হাসান শাওন দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতির সঙ্গে জড়িত। তার মধ্যে মানুষের জন্য কাজ করার আগ্রহ রয়েছে। দলীয় সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশা করছি। আমরা চাই, যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে বিহার ইউনিয়নের উন্নয়ন হোক।
বিহার পশ্চিমপাড়া গ্রামের বিএনপি নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শাওন দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের পাশে ছিলেন। তার পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বিএনপি তাকে সমর্থন দিলে তিনি চেয়ারম্যান পদে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে করি।
চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে জুলফিকার হাসান শাওন বলেন, “২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন নিয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। গত ১৭ বছর ধরে দলের জন্য মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছি। দলের জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছি। দল আমাকে সমর্থন দিলে আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি আশাবাদী, দল আমার ত্যাগ ও দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে সমর্থন দেবে"।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে জুলফিকার হাসান শাওন বিহার ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন।