নওগাঁর রাণীনগর থানায় দস্যুতার মামলায় ডাকাত দলের প্রধানসহ দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মো. শরিফুল ইসলাম ওরফে সজীব গাজী (৪০) ও একই গ্রামের মো. শাকিল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর থানার মামলা নম্বর-০৯, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়ের করা দস্যুতার মামলায় তারা আসামি। পরে গাজীপুর জেলা থেকে এসআরবির সহায়তায় তাদের গ্রেপ্তার করে রাণীনগর থানা পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার সজীব ও শাকিল রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন দস্যুতা ও ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাদের মধ্যে সজীব ওই ডাকাত দলের প্রধান বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের রাণীনগর থানার হাজতখানায় রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।