নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আফ্রিকান মাগুর (ক্যাটফিশ) চাষ করার দায়ে মুক্তাদির (২০) নামে এক মাছচাষিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। অভিযান সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। চেঙ্গাইন খাসপাড়া এলাকায় নিষিদ্ধ এ প্রজাতির মাছ চাষের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট মাছচাষিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় মাছচাষিদের নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রজাতির মাছ চাষ থেকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে। জীববৈচিত্র্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে নিয়মিত অব্যাহত থাকবে।