স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান*
নরসিংদীর ভাড়া বাসায় স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নরসিংদীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক গিয়াস উদ্দিন মিয়া গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নির আপত্তিকর ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে এসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করা হতো বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
এ ছাড়া তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
সূত্র জানায়, প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবারসহ মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন গিয়াস উদ্দিন। পরে ওই এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে ভাড়া ওঠেন তারা।
গোপন সূত্রে স্থান পরিবর্তনের এ তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে তথ্যের ভিত্তিতে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, অভিযুক্তের বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।