ছাগলনাইয়া থানা পুলিশ ও ঘোপাল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আধারমানিক গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে প্রবাসী বেলালের টিনশেড বাড়ির পেছনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা পুলিশ ও ঘোপাল তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ছয়টি করে মোট ১২টি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে সর্বমোট ২৪ কেজি গাঁজা পাওয়া যায়।
পরে স্থানীয় মসজিদের মুসল্লি ও আশপাশের গ্রামবাসীর উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
উদ্ধারকৃত মাদক মজুত, সরবরাহ ও চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।