শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনে বাধা সৃষ্টি, হয়রানি এবং দমন-পীড়নের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সাংবাদিক পরিবারের সদস্য, সৈয়দ মোহাম্মদ কায়সার আশ্রাফী,
তিনি বলেন, শ্রমিকরা কোনো অপরাধী নয়; বরং তারাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের ঘাম, শ্রম ও অক্লান্ত পরিশ্রমের ওপর দাঁড়িয়ে রয়েছে দেশের শিল্প, কলকারখানা ও অর্থনীতির বিশাল ভিত্তি।
দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে শ্রমিকরা দেশের অর্থনীতিকে সচল রাখেন। অথচ সেই শ্রমিকরা যখন নিজেদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিতে রাস্তায় দাঁড়ান, তখন তাদের সামনে বাধা সৃষ্টি করা কিংবা আন্দোলন ছত্রভঙ্গ করার ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
সাংবাদিক সৈয়দ মোহাম্মদ কায়সার আশ্রাফী বলেন, যে হাত দিয়ে শ্রমিকরা দেশের অর্থনীতি গড়ে তোলেন, আজ সেই হাত দিয়েই তাদের নিজেদের অধিকার আদায়ের দাবি জানাতে হচ্ছে। শ্রমিকের ন্যায্য দাবি কোনো অপরাধ নয়, অধিকার চাওয়া কোনো অন্যায় নয়।
তিনি আরও বলেন, শ্রমিকের দাবি শুনতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে। লাঠিচার্জ, ভয়ভীতি কিংবা গুলির আতঙ্ক নয়—শ্রমিকরা চান তাদের শ্রমের ন্যায্য মূল্য, সম্মানজনক জীবন এবং পরিবার নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা।
রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে চলমান সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি বাঁচবে, আর অর্থনীতি বাঁচলেই এগিয়ে যাবে বাংলাদেশ। পরিশেষে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সম্মানজনক কর্মপরিবেশ এবং ন্যায়সংগত মজুরি নিশ্চিত করার দাবি জানান।
তার প্রত্যাশা, শ্রমিকের ঘাম যেন অবহেলায় না ঝরে, শ্রমিকের অধিকার যেন কোনো বাধার মুখে হারিয়ে না যায়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটুক।