সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে ২৩ ক্রুসহ একটি ইরানি মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে জলদস্যুরা। ছিনতাই হওয়া ট্রলারটির নাম ‘আজিনি’। এতে ২১ জন ইরানি জেলে ও দুই সোমালি নিরাপত্তাকর্মী ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রটির তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) ইরানের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে সশস্ত্র ব্যক্তিরা ট্রলারটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। সোমালিয়ার বন্দর শহর বান্দার বেইলা থেকে প্রায় ১৮৫ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। তবে ট্রলারের ক্রুদের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ১২ জন জলদস্যু ট্রলারটি ও এর ২৩ ক্রুকে জিম্মি করেছে। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, ছিনতাই হওয়া ট্রলারটিকে জলদস্যুরা ‘মাদার শিপ’ বা মূল জাহাজ হিসেবে ব্যবহার করতে পারে। এ ধরনের জাহাজকে ভ্রাম্যমাণ ঘাঁটি হিসেবে কাজে লাগিয়ে জলদস্যুরা উপকূল থেকে অনেক দূরে গিয়ে স্পিডবোটের মাধ্যমে বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।
এমএসসিআইও জানিয়েছে, ট্রলারটি অবস্থান পরিবর্তন করে এ অঞ্চলের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের কাছাকাছি চলে গেছে। ফলে জাহাজটি ব্যবহার করে জলদস্যুরা নতুন করে ছিনতাইয়ের চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই সোমালি জলদস্যুদের জাহাজ ছিনতাইয়ের তৎপরতা বেড়েছে। শুধু গ্রীষ্মকালেই তারা প্রায় ছয়টি জাহাজ দখল করেছে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত সেপ্টেম্বরে ‘অনার ২৫’ নামের একটি ছিনতাই হওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধারের অভিযানে স্থানীয় পুলিশ ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করে। তবে অভিযানের আগেই ট্যাংকারে গোলাগুলির ঘটনায় পাঁচ জিম্মি নিহত হন।