যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার (২ নভেম্বর) নিউ ইংল্যান্ডের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে মেসির দারুণ সহায়তায় গোল করেন জার্মান বারতারাম। এতে ১-১ সমতায় ফেরে মায়ামি। এরপর ম্যাচের ৮৩ মিনিটে নিজের নৈপুণ্য দেখান মেসি। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা সামলে বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে জালে বল পাঠান তিনি। মেসির এই দুর্দান্ত গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।
এই জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউ ইংল্যান্ড। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।
নিয়মিত মৌসুমে দলগুলোর বাকি রয়েছে আর একটি করে ম্যাচ। আগামী শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নিজেদের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি।