পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এ আবু বকর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল, ধৈর্যশীল ও কোমল আচরণের কারণে নাটকের এই চরিত্রটি অনেক দর্শকের কাছে আদর্শ স্বামীর প্রতীক হয়ে উঠেছে। তবে পর্দার এই আদর্শ পুরুষের বাস্তব জীবনে রয়েছে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতাও।

সম্প্রতি আবু বকর চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ চরিত্রটিকে স্বপ্নের জীবনসঙ্গী হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, একজন আদর্শ স্বামী হওয়ার জন্য শুধু স্ত্রীর সঙ্গে ভালো আচরণই যথেষ্ট কি না।

নাটকটিতে আবু বকর চরিত্রের মানবিক দিকগুলো ফুটিয়ে তুলেছেন শেহেরিয়ার মুনাওয়ার। তবে বাস্তব জীবনে তার সম্পর্কের গল্প কিছুটা ভিন্ন। ২০১৯ সালে চিকিৎসক হালা সোমরুর সঙ্গে বাগদান হয়েছিল এই অভিনেতার। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি। বাগদান ভেঙে যাওয়ার পর এক সাক্ষাৎকারে শেহেরিয়ার জানিয়েছিলেন, এবার নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নিতে চান। পরবর্তী সময়ে ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শেহেরিয়ার। তার মতে, দর্শকদের কাছে চরিত্রটি যতটা আদর্শ বলে মনে হয়, তার মধ্যেও কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে সবাইকে খুশি রাখার চেষ্টা এবং কাউকে ‘না’ বলতে না পারার প্রবণতা আবু বকরকে মানসিক চাপে রাখে।

অভিনেতা জানান, আবু বকরের মধ্যে অন্যদের সমস্যা সমাধানে এগিয়ে আসার প্রবণতা রয়েছে। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে সে এমন শিক্ষা পেয়েছে যে অন্যের জন্য ভালো কিছু করতে হবে। এ কারণে সব সময় অন্যদের পাশে থাকার চেষ্টা করে সে। তবে এই প্রবণতার কারণে অনেক সময় নিজের ইচ্ছা ও বিবেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় চরিত্রটির।

আবু বকর ও জারিয়াবের সম্পর্কের বিষয়েও কথা বলেছেন শেহেরিয়ার। তার ব্যাখ্যায়, নাটকের গল্পে যেভাবে বিষয়টি প্রকাশ পেয়েছে, তারও আগে থেকেই জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা ছিল। এমনকি জারিয়াবের পছন্দের খাবার পাস্তার কথাও মনে রেখেছিল সে।

চরিত্রটির এমন ছোট ছোট আচরণ ও ইঙ্গিতের মধ্য দিয়ে আবু বকরের মনের অনুভূতি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান অভিনেতা। সব মিলিয়ে নাটকের আবু বকর চরিত্রটি যেমন দর্শকদের প্রশংসা পাচ্ছে, তেমনি অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ারের ব্যক্তিজীবনের পুরোনো সম্পর্কের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।