মুন্সিগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮ কে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা। নির্বাচনে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মাঠে নেমেছেন ‘মোহাম্মদ আরফিন ও নজরুল ইসলাম শেখ’ প্যানেলের প্রার্থীরা।
এই প্যানেল থেকে গুরুত্বপূর্ণ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন পরিচিত সাংবাদিক নেতা। তাঁরা হলেন—সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম শেখ (ব্যালট নম্বর- ২), সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান (ব্যালট নম্বর- ১) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন (ব্যালট নম্বর- ১)।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রার্থীরা বলেন, গজারিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, আধুনিক ও পেশাদার সাংবাদিকদের আস্থার ঠিকানায় পরিণত করতে তাঁরা বদ্ধপরিকর। নির্বাচিত হলে প্রেস ক্লাবের সকল সদস্যের পেশাগত নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার আদায়ে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেস ক্লাবের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ভোটার ও সহকর্মীদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন এই তিন প্রার্থী।