মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন চার আসামি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।
মামলার বিবরণে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্ধল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা তাঁদের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ঘটনার দিনই ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আজিজ মোল্লার ছেলে এমরান মোল্লা। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ফ.ম. নুরতাজ আলম বাহার জানান, মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।