শিশুদের নির্মল আনন্দ ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র দেওভোগ এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক বিনোদনকেন্দ্র ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্কটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার সাথে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন। নতুন এই বিনোদনকেন্দ্রটি চালুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিশু ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিদার খন্দকার বলেন, "শহরের যান্ত্রিকতার মাঝে শিশুদের জন্য একটি আনন্দঘন, নিরাপদ ও মনোরম পরিবেশ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে পার্কটিতে বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী আরও নতুন ও আধুনিক রাইড যুক্ত করার পরিকল্পনা রয়েছে।" তিনি আরও জানান, শুধু শিশুরা নয়, পরিবারের সব সদস্য যেন একসঙ্গে স্বাচ্ছন্দ্যে অবসর সময় কাটাতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই পার্কটির সাজসজ্জা করা হয়েছে।
পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে দর্শনার্থীদের সুবিধার্থে প্রতি শুক্রবার সারাদিন পার্কটি খোলা রাখা হবে।
শহরের শিশুদের চিত্তবিনোদনের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে এই নতুন সংযোজনটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের জোরালো প্রত্যাশা, অচিরেই শিশুদের আনন্দ ও পারিবারিক বিনোদনের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’।।