গণিত কেবল একটি পাঠ্যবিষয় নয়, বরং যুক্তিবোধ, চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করে গণিতের প্রতি ভালোবাসা, আগ্রহ ও আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬’-এর চূড়ান্ত পর্ব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত গণিত মূল্যায়ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান, গণিত শিক্ষক ও সহকারী শিক্ষক মো. ইলিয়াছ, গণিত শিক্ষক সুপন দেবনাথ,মোহাম্মদ মেহেদী হাসান ছোটন এবং সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম। এ ছাড়া গণিত মূল্যায়ন কার্যক্রমে সহযোগিতা করেন সহকারী শিক্ষক কণিকা দাস, সানজিদা আক্তার, চৈতি পাল, মীম খাতুন প্রমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের গণিতের মৌলিক ধারণা, সংখ্যা সম্পর্কে স্বচ্ছ জ্ঞান, দ্রুত চিন্তা করার দক্ষতা এবং যুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গণিতকে কঠিন ও ভীতিকর বিষয় হিসেবে নয়, বরং সহজ, আনন্দময় ও সৃজনশীল চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
চট্টগ্রাম মডেল স্কুল বিশ্বাস করে, গণিত শেখার প্রকৃত আনন্দ তখনই তৈরি হয়, যখন শিক্ষার্থী মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজে চিন্তা করতে, যুক্তি খুঁজতে এবং সমস্যার সমাধান করতে শেখে। সেই শিক্ষাদর্শনকে সামনে রেখেই বিদ্যালয়ে গণিতচর্চাকে আরও গতিশীল ও আকর্ষণীয় করতে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।