সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রাজিব হোসেন (৩৮)। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে শিক্ষক রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ ছাত্রী জিন্নাতারা (১৫) বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় অধ্যায়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারে পড়াশোনা করত। পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেনের কাছে বাসায় প্রাইভেট পড়ত। বুধবার সকালে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের দাবি।
ছাত্রীর মা মমতা খাতুন অভিযোগ করেন, শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে গেছেন। গত দুই দিন ধরে মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে তিনি থানায় মামলা দায়ের করেন।
তাঁর দাবি, অভিযুক্ত শিক্ষক এর আগেও আরও দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তাঁদের তালাক দেন। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, রাজিব হোসেন এর আগেও বিদ্যালয়ের দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বলে তিনি জানেন। পরে বনিবনা না হওয়ায় তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। উল্লেখ্য এর আগেও বেশ কয়েকজন ছাত্রীর সাথে শিক্ষক রাজিবের অবৈধ সম্পর্ক ছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।