পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো—কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা শেষে তারা বিভিন্ন পেশায় যুক্ত হবে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সবসময় মনে রাখতে হবে।

তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দেশের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের তাগিদ দেন তিনি। শুধু মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।