মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় একটি মুদি দোকানে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ৩৩ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার জোরালো সন্দেহ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাইদুর রহমান (শাহিন) দীর্ঘদিন ধরে ঈদগাহ সংলগ্ন এলাকায় "বিসমিল্লাহ স্টোর” নামের একটি দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মত রাতে যথারীতি দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের চালের টিন খোলা, মালামাল এলোমেলো এবং ক্যাশবাক্সের তালা ভাঙা।
দোকানের ভেতর থেকে সিগারেট, সাবান, টুথপেস্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য (যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা) এবং ক্যাশবাক্সে থাকা নগদ ৩,০০০ টাকা—সব মিলিয়ে প্রায় ৩৩,০০০ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়ে গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান জানান, এর আগেও একাধিকবার তার দোকানে চুরির ঘটনা ঘটেছে। পূর্বে তার দোকানের বিদ্যুৎ মিটারের তারও চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। বারবার এমন ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চুরির পর দোকানের ভেতর থেকে এক জোড়া জুতা পাওয়া যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, জুতা জোড়া স্থানীয় এক ভাড়াটিয়ার ছেলে বাইজিদের বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত বাইজিদ এর আগেও বিভিন্ন স্থানে চুরির ঘটনার সাথে জড়িত ছিল। অতীতে ভাটেরচর এলাকা থেকে হাঁস চুরির সময় সে ধরা পড়েছিল বলেও জানা যায়। এছাড়া তাকে প্রায়শই এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান বাদি হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।