বগুড়ার শিবগঞ্জে জমির এগ্রিমেন্টের স্ট্যাম্প ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরদিনই জমির কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন জমির মালিক ফিরজাউল ইসলাম। এ ঘটনায় তাঁর প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে তিনি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সকালে জমির এগ্রিমেন্টের জন্য দেওয়া ১০০ ও ৫০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত চাইতে গেলে একই এলাকার শিউলী বেগমের সঙ্গে ফিরজাউল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং স্ট্যাম্প ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয়। একপর্যায়ে জমিতে কলা চাষ করলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ১০ অক্টোবর সকালে বাঘমারা মৌজায় অবস্থিত নিজের জমিতে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান ফিরজাউল ইসলাম। পরে তিনি জানতে পারেন, শিউলী বেগমের নির্দেশে মোরশেদুল ইসলাম, রকি ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন ব্যক্তি হাসুয়া, কাস্তে ও লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে কলাগাছগুলো কেটে ফেলেছেন। এতে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী।
এ বিষয়ে অভিযুক্ত শিউলী বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।