দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার আহ্বায়ক মো. গোলাম জাহিদ এবং মাগুরা সদর পৌর শাখার আহ্বায়ক মো. ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম সুসংহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।