নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। একই গ্রামে অন্তত ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের সবাই পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মশক নিধন কার্যক্রম ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দৈলেরবাগ এলাকায় এখন পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিভিন্ন এলাকায় মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অথচ সোনারগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকায় একই গ্রামের ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি।
তারা দ্রুত এলাকায় মশক নিধন অভিযান, ওষুধ ছিটানো এবং ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।