নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ৬ ও ৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়ায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প’।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার বিকেলে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক, অতিরিক্ত সচিব পদমর্যাদা) গনী উল আজম। বিশেষ অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর শাহ হাসিবুর রহমান এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।
নৌকাবাইচের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এজন্য বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা রয়েছে। উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার Global MediKlaud (BD) Limited। স্পন্সর হিসেবে রয়েছে টি. কে. গ্রুপ। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত থাকছে স্বাস্থ্য অধিদপ্তর; জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA); হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর; ইউনিকো হসপিটালস; এটুআই (a2i); মন্ত্রিপরিষদ বিভাগ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত উৎসবটি বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
আয়োজকরা জানান, গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করা, পর্যটন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের নিকট জনপ্রিয় করে তোলা এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ ধরণের আয়োজন করা হচ্ছে। জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প, নড়াইলের স্থানীয় ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ এবং দেশের বাইরে বৃহত্তর পরিসরে পরিচিত করে তুলতে ভূমিকা রাখবে।