নওগাঁ জেলায় অপরাধ দমন, দ্রুত অপরাধী গ্রেফতার এবং যেকোনো অপরাধমূলক ঘটনায় তাৎক্ষণিক ও পেশাদারিত্বের সঙ্গে পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-কে বিশেষ সম্মাননা উপহার ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যের হাতে এই সম্মাননা উপহার তুলে দেন। এ সময় তাঁদের সাহসিকতা, কর্মতৎপরতা ও দায়িত্ববোধের উচ্চ প্রশংসা করা হয়।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে পেশাদারিত্বের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করায় জেলা গোয়েন্দা শাখা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এই ধরনের উদ্যোগ ও সাফল্য জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর বলে সংবাদে জানানো হয়েছে।