সদ্য প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মোছাঃ আমেনা বেগমের হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইয়াছিন আরাফাতের ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। তাঁর পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ।
সাংবাদিক নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের কুলিয়ারচর প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক আমার দেশ-এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মোঃ আলী সোহেল এবং সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোছাঃ নিলুফা আক্তার নীলা।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুরে নিজ গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন সাংবাদিক আব্দুল অদুধ মিয়া। তিনি সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ভোটার এলাকা ছিল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের। মৃত্যুর দিন রাতেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।