জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ও গতনশহর এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানিফল। কম খরচে অধিক ফলন ও ভালো বাজারমূল্য পাওয়ায় এ ফল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। অল্প বিনিয়োগে বেশি লাভের সম্ভাবনা থাকায় পানিফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। মৌসুমি এ ফল চাষ করে অনেক কৃষক তাঁদের সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়,পানিফল সাধারণত নিচু ও জলাবদ্ধ জমিতে চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে পানিফল চাষ করতে খরচ হয় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। এক বিঘা জমিতে ৭০ থেকে ৮০ মণ পর্যন্ত পানিফল উৎপাদন হয়। উৎপাদিত পানিফল বিক্রি করে প্রতি বিঘায় ৬০ থেকে ৭০ হাজার টাকা পাওয়া যায়। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকের নিট আয় থাকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
বড়তাজপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন,অন্যান্য ফসলের তুলনায় পানিফল চাষে খরচ অনেক কম। এক বিঘা জমিতে অল্প টাকা বিনিয়োগ করে ভালো ফলন পাওয়া যায়। বিক্রির পর উৎপাদন খরচ বাদ দিয়েও ভালো পরিমাণ টাকা লাভ থাকে। এ কারণে তিনি পানিফল চাষে আগ্রহী হয়েছেন।
আরেক কৃষক আমজাদ হোসেন বলেন,পানিফল চাষে সার ও কীটনাশকের দাম অনেক বেশি। সার ও কীটনাশকের দাম কমানো হলে এ ফসল চাষ করে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। বিশেষ করে নিচু জমিতে পানিফল চাষের ভালো সম্ভাবনা রয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফছিয়া জাহান বলেন, পানিফল চাষের সম্ভাবনা কাজে লাগাতে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নত চাষপদ্ধতি ও বাজারজাতকরণে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া পানিফল চাষে সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে এ অঞ্চলে পানিফল চাষ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।