ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বুধবার বিকেল ৪টার দিকে গফরগাঁও পৌরশহরে উপজেলা যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতা, গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্যসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন , গফরগাঁও উপজেলা যুবদল নেতা আনসারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করেন স্থানীয় যুবদল নেতা কর্মীরা। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আরেকটি র্যালি বের করা হয়। র্যালিটি মধ্যবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও উপজেলার উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপশক্তি মোকাবিলা এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি সরদার মুহাম্মদ খুররম, যুবদল নেতা দিদারুল ইসলাম দিদার, হাসানুজ্জামান নয়ন ও তানজিম হাসানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।