ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়িতে নাদিয়া আক্তার (১৮) নামে তিনমাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২১) অক্টোবর) বুধবার রাতে গফরগাঁও উপজেলার ইউনিয়নের হাতিখলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এঘটনায় নিহত গৃহবধূ নাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করার দাবী করে তার স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বুধবার আনুমানিক রাত ১০টার দিকে নিজ গৃহ থেকে নাদিয়ার নিথর দেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ।
নিহত নাদিয়া আক্তার হাতিখলা গ্রামের কাউসারের (২৬) স্ত্রী। এদিকে স্বজনদের দাবী অনুযায়ী অভিযোগের তির নিহতের স্বামী কাউসার এবং শাশুড়ীর দিকে।
ঘটনার পর থেকেই স্বামী ও শাশুড়ী পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে গৃহবধূ নাদিয়ার সাথে কাউসারের বিয়ে হয়। নাদিয়া বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকেই পরিবারের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সাথে নাদিয়ার মনোমালিন্য চলে আসছিল। বুধবার রাতেও পারিবারিক কলহ চূড়ান্ত রূপ নিলে একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের। ঘটনার পর থেকে এলাকায় চরম চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। নাদিয়াকে যৌতুক বা অন্য কোনো পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে স্বামী কাউসার ও শাশুড়ী পলাতক থাকায় এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।