শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর দিনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র্যালিতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নালিতাবাড়ী শাখার সভাপতি হরিদাস কর্মকার স্বপন, সাধারণ সম্পাদক রতন পাল ও সিনিয়র সহ-সভাপতি
শংকর পাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাক্সিম,উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে নালিতাবাড়ীতে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, এ বছর নালিতাবাড়ী উপজেলায় মোট ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ২৬টি এবং পৌরসভায় ১৫টি পূজামণ্ডপ রয়েছে।