নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মা আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে। আকলিমা আক্তার ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। তারা ওই গ্রামের ভাড়া বাসায় থাকতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে আসেন। পরে তারা রাত সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন।
এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাফা মনিকে গুরুতর আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেয়। সেখানে সে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমার আক্তারের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।