ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে জেলা পরিষদ।
শনিবার ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় সংসদ সদস্যের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে যায়। পরদিন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে এবার পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব ও ঘুরে দাঁড়ানোর পথ সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।