দেশে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা প্রাপ্তবয়স্কদের ৯২ শতাংশই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সহমর্মিতা গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্যসেবার বিস্তার নিশ্চিত করার আহ্বান জানিয়ে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
শনিবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ও সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতালের শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পারিবারিক কলহ, অর্থনৈতিক চাপ, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের মানসিক চাপ ক্রমেই বাড়ছে। কিন্তু সামাজিক কুসংস্কার ও লোকলজ্জার কারণে অনেকেই চিকিৎসা নিতে আগ্রহী হন না।
আলোচনায় আরও জানানো হয়, দেশে প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে। পাশাপাশি অধিকাংশ সেবা বিভাগীয় ও জেলা শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামীণ এলাকার মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনার সভাপতিত্বে অনুষ্ঠানে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর আলম এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাসহ সিডিডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এ খাতে সেবার পরিধি ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।