বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে দেশের গণতান্ত্রিক পরিসর কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন মতপ্রকাশ, রাজনৈতিক কর্মকাণ্ড এবং স্বাভাবিক সামাজিক কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফ্‌ফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এর ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক বা সামরিক শাসন থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোয় কিছুটা স্বাধীনতা বজায় থাকে। কিন্তু শেখ হাসিনার আমলে সেই সীমিত পরিসরও সংকুচিত হয়ে যায়। শিক্ষার্থীরা স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ পেত না বলে মন্তব্য করেন তিনি।

তরুণদের উদ্দেশে রিজভী বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যেও দেশের তরুণ প্রজন্ম নিজেদের সৃজনশীলতা ও কর্মদক্ষতা ধরে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে তাদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও মুক্তচিন্তার চর্চা আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে তরুণদের সৃজনশীল চিন্তাশক্তি, সাহসী প্রশ্ন করার মানসিকতা এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতার ওপর। তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম বলেন, ফাউন্ডেশন বর্তমানে ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।