মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার এবং কিশোর অপরাধ প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার প্রত্যন্ত কালাইবাড়ী এলাকায় এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালাইবাড়ী এলাকার জনসাধারণ ও পোরশা থানা পুলিশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল), পুলিশ সুপার (সাপাহার সার্কেল) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদকের ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশ বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।” এ সময় মাদক ব্যবসা, সেবন ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
কিশোর অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, কিশোরদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা, পারিবারিক পরিচর্যা এবং ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সন্তানদের অপরাধ থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পড়াশোনা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি সন্তানদের চলাফেরা, সঙ্গ ও অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো সামাজিক সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ দিয়ে তা শোনেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যের শেষে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও কিশোর অপরাধমুক্ত পোরশা গড়ে তোলা সম্ভব।”