মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়ির মালিক মো. মাসুম (৪৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের মাসুমের দুচালা টিনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হরিরামপুর উপজেলার বলড়া গ্রামের মৃত আজম বেপারীর ছেলে মো. নাজমুল (২৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের পীথুষ সাহা ও পাঁপড়ী সাহার ছেলে পৃথু সাহা (২৯)। পলাতক মাসুম (৪৫) কান্ঠাপাড়া গ্রামের মৃত গোপাল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১২ অক্টোবর হরিরামপুর থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ), ১০(ক) ও ৪১ ধারায় মামলাটি করা হয়েছে। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।