স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ ও চাঁদাবাজদের বয়কটের ডাক চরমোনাই পীরের
বিশেষ প্রতিবেদক:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এসব অপশক্তির বিপরীতে শরিয়াহর পক্ষের সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও আজ পর্যন্ত কোনো সরকার শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। ইসলামী শ্রমব্যবস্থা ছাড়া শ্রমিকের প্রকৃত মুক্তি সম্ভব নয়। তাই স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের প্রাক-প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
সম্মেলনে সাধারণ অটোরিকশাচালকদের প্রতি জুলুম-নির্যাতন বন্ধের জোর দাবি জানান পীর সাহেব চরমোনাই। তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি।
কাউন্সিল থেকে ২০২৭–২৮ সেশনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে মুহাম্মাদ খলিলুর রহমানকে সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে।