নকল-ভেজাল প্রতিরোধে ২৮ জেলায় ভোক্তা অধিকারের অভিযান: ১২ লাখ টাকা জরিমানা

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, এলপিজি গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের ২৮টি জেলায় পরিচালিত এই অভিযানে অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার অধিদপ্তরের ৪৩টি তদারকি দল পাইকারি ও খুচরা বাজারে একযোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ঢাকার মধ্য বাড্ডায় নকল কফি ও সস প্যাকেজিং করে বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। দোহা করপোরেশন, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজ নামক এই প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ২ লাখ টাকা করে জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়।


অভিযানকালে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের মজুত, অতিরিক্ত মূল্য আদায়, সঠিক ওজন, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির বিষয়গুলো খতিয়ে দেখা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের রসিদ বা ভাউচার প্রদান ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।


অধিদপ্তরের পক্ষ থেকে ক্রেতাদের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানানো হয়েছে। বাজারে কেনাকাটার সময় কোনো প্রকার প্রতারণা বা অনিয়মের শিকার হলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।