আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’: চিফ হুইপ
আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন ঢাকা শহরে রিকশাচালক হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, "আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসী এখন ঢাকা শহরে রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। ঢাকায় রিকশাচালকদের শৃঙ্খলাহীন ও বেপরোয়া ভাব এখন চূড়ান্ত রূপ নিয়েছে।"
দেশে চলমান জ্বালানি সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের নীতি ও অব্যবস্থাপনার কারণেই মূলত বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস-সংকট দেখা দিয়েছে। তবে বর্তমান সরকার সার্বিক পরিস্থিতি সামলে উঠে বিদ্যুৎ ও গ্যাস-সংকট মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই সঙ্গে স্বাস্থ্যখাতের অবহেলার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মনি অভিযোগ করেন, অতীতে নিয়মিত হামের টিকা না দেওয়ার খেসারত এখন বর্তমান সরকারকে দিতে হচ্ছে। এছাড়া বর্তমান সংকটের সময়ে দেশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও তিনি জানান।