“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক হুমায়ুন কবির লায়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন এবং বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রবিউল ইসলাম বলেন, “যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের সকলকে সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে। অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং অন্যকেও সহায়তায় এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভা শেষে বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ড ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা চালানো এবং আত্মরক্ষার নানা কৌশল বাস্তবভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।