কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়সূতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেনকে (প্রায় ৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেফতারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর এলাকার শান্তি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেন- এমন অভিযোগে ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং ৯।
তবে মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।