বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত কনসার্টের শেষ পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে অধ্যক্ষ ঘটনাস্থলে গেলে তিনিও আহত হন। এ ঘটনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত রোববার কলেজের সামনে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ওই ঘটনার জের ধরে বুধবার রাতের অনুষ্ঠানেও বিরোধের সূত্রপাত হয় বলে জানা গেছে। একপর্যায়ে বরিশাল বিএম কলেজের ছাত্রদলের কয়েকজন কর্মী ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে লাইব্রেরির সামনে সংঘর্ষ বাধে।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তাক সরদার শাওন জানান, কনসার্টের শেষ দিকে কলেজের সামনের এলাকার কয়েকজন এবং লেকপাড়ের কয়েকজনের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় অধ্যক্ষের মাথায় আঘাত লাগে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিনি বাড়ি চলে যান।
কলেজের নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজমুল হক জানান, অনুষ্ঠানের শেষ দিকে কয়েকজন শিক্ষার্থী কলেজের লাইব্রেরির পাশের ফুলের বাগানে মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে শিক্ষকরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় অধ্যক্ষের গালের ওপরের অংশে কেটে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাহত হয়। তবে সংঘর্ষে আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।