দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, খাঁটি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের নকশা, মান ও কারুকাজের ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে যোগ হবে। ফলে গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের নির্ধারিত স্বর্ণমূল্যের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। এদিকে স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ২৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০৮ টাকা। স্বর্ণ ও রূপার নতুন এ মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।