মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাড়ির পেছনের একটি গাছ থেকে মো. সবুজ (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ ওই এলাকার সিকিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনে একটি কড়ইগাছে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের দাবি, মৃত্যুর কয়েক দিন আগে সবুজ আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেউ তাঁকে হত্যা করতে পারে। এ ছাড়া তাঁর কাছে অন্য একজনের টাকা পাওনা ছিল বলে পরিবারের সদস্যদের জানিয়েছেন তিনি। ঘটনার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি স্বজনদের। এসব কারণে তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
সিংগাইর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।