প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
সময়: ০৭:৩৩ পিএম
শেরপুরে বিষাক্ত সাপের দংশনে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু
পুলক রায়, শেরপুর:
বিষাক্ত সাপের দংশনে শাহিন আকন্দ (২০) নামে শেরপুর সরকারি কলেজের এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে সাপে দংশনের পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের শফিকুল আকন্দের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় শাহিনের পায়ে সাপ দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক প্রাথমিকভাবে এটিকে নির্বিষ সাপের কামড় বলে জানান এবং শাহিনকে বিশ্রামে থাকতে বলেন।
এর কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এ সময় স্বজনরা বিষয়টি চিকিৎসককে অবহিত করেন। পরে রাত সোয়া ১০টার দিকে শাহিনকে এন্টিভেনম দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ময়মনসিংহ যাওয়ার পথে ফুলপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
শাহিনের স্বজনদের অভিযোগ, সাপে দংশনের পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন দ্রুত এন্টিভেনম দেওয়া হলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো।
তবে শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ইমরান হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে সাপে দংশনের পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে শাহিনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার সময়ই সে চোখে দেখতে পাচ্ছিল না এবং শ্বাসকষ্ট হচ্ছিল। পরে দ্রুত তাকে এন্টিভেনম দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।
শাহিনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি বা গাফিলতি হয়নি।