প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
সময়: ১১:৪৫ এএম
পাহাড়ে ‘পানিশমেন্ট পোস্টিং’ নয়, যোগ্যতা ও সততার ভিত্তিতে পদায়ন: সার্জিস আলম
বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক কর্মকর্তাদের ‘পানিশমেন্ট পোস্টিং’ না দিয়ে সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সার্জিস আলম।
রোববার (২৩ আগস্ট) বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সার্জিস আলম বলেন, “পাহাড়ে পানিশমেন্ট পোস্টিং না দিয়ে, সৎ ও যোগ্যতার ভিত্তিতে পোস্টিং হতে হবে।” তাঁর মতে, পার্বত্য এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রশাসনে যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তাদের পদায়ন করা জরুরি।
তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমিয়ে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করা এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। নেতাকর্মীদের উদ্দেশে সার্জিস আলম সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাংগঠনিক সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সাংগঠনিক বিষয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা করা হয়।
ছবি: সাংগঠনিক সমন্বয় সভায় উপস্থিত এনসিপির নেতৃবৃন্দ।