সোমবার জানা যাবে ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি
বিশেষ প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন কমিশনের বৈঠকে নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ধাপের সম্ভাব্য সময় নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, কমিশন ইউপি নির্বাচনের বিভিন্ন ধাপের সময় নির্ধারণ করে জানাবে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের একটি সম্ভাব্য সময়সূচি জানিয়েছিল ইসি। তখন ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা বলা হয়েছিল। পরে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজন নিয়ে বেশ কিছু জটিলতার কথা উঠে আসে। এরপর নির্বাচনের দিনক্ষণ নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করে মে মাসের মধ্যে পুরো নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই কয়েকটি ধাপে ভোট আয়োজনের সম্ভাবনাও রয়েছে। তবে কয়টি ধাপে এবং ঠিক কোন কোন সময়ে নির্বাচন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবারের বৈঠকে।
ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সোমবার কমিশনের সভায় ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। কোন কোন সময়ে বা ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, বৈঠকের পর তা জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কমিশন নির্বাচনের সময়ের ধাপগুলো নির্ধারণ করবে; সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা পরে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন।
ইউপি নির্বাচন কত সময়ের মধ্যে শেষ করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশন শুরুতে যে সময়সীমার কথা জানিয়েছিল, সেই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন শেষ করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে সোমবারের সিদ্ধান্তের পর বিষয়টি স্পষ্ট হবে।
এদিকে রাজনৈতিক সংলাপের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তের পরপরই সংলাপসহ অন্যান্য কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।