সাতক্ষীরা শ্যামনগরে সাংবাদিকদের নিয়ে এআই বিষয়ক কর্মশালা

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও এর বিভিন্ন দিক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মিডিয়া সেন্টারের সভাপতি আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ।

কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের সেক্রেটারি ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব। তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংবাদ প্রস্তুতিতে প্রযুক্তির প্রয়োগ এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় এআই প্রযুক্তির মাধ্যমে সাংবাদিকতার বিভিন্ন কাজে সহায়তা নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ লেখার ক্ষেত্রে এআই ব্যবহার করলেও তথ্যের নির্ভুলতা যাচাই, উৎস যাচাই এবং সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বলা হয়, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদেরও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এআই থেকে পাওয়া কোনো তথ্য যাচাই না করে সংবাদে ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের শ্যামনগর উপজেলা সংবাদদাতা আবু কাওসার কবিতা পাঠ করেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।